নিউজ ডেস্ক || ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যসভায় রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলিতে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা উত্থাপন করেছেন। তিনি সড়কগুলির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং যাতায়াতজনিত দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ণ উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর উদ্যোগে ত্রিপুরায় ৮টি জাতীয় সড়কের সুবিধা পাওয়া গেছে, যা রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে তিনটির কাজ চলমান, আর ছয়টি সম্পূর্ণ হয়েছে। কিন্তু ৮ নং (মুঙ্গিয়াকামী–আমবাসা), ১০৮বি, ২০৮বি এবং ২০৮এ নং সড়কগুলিতে ভাঙাচোরা অবস্থা এবং বর্ষাকালে জল জমে যান চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর উদ্যোগেই ত্রিপুরা রাজ্য ৮টি জাতীয় সড়কের সুবিধা পেয়েছে।” এই সমস্যাগুলির ফলে সাধারণ মানুষ, পণ্য পরিবহণ এবং জরুরি পরিষেবায় বিরূপ প্রভাব পড়ছে। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত সমাধান এবং অতিরিক্ত বাজেট বরাদ্দের আবেদন জানান তিনি।
পাহাড়ি ও সীমান্তবর্তী রাজ্য হিসেবে ত্রিপুরায় পর্যাপ্ত অর্থ না থাকলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যাহত হবে বলে সতর্ক করেন তিনি। শেষে আশা প্রকাশ করেন যে, কেন্দ্র সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে, যা রাজ্যের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।
