নিউজ ডেস্ক || ত্রিপুরার রেলযাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। কেন্দ্রীয় রেল মন্ত্রক আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল ট্রেনকে নিয়মিত ট্রেন হিসেবে চালানোর অনুমোদন দিয়েছে।
ত্রিপুরা থেকে বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এক চিঠির মাধ্যমে তিনি জানান, বর্তমানে চলাচলকারী ০১৬৬৬/০১৬৬৫ স্পেশাল ট্রেনটি এখন থেকে নিয়মিত ট্রেন হিসেবে চলবে। নতুন নম্বর হবে ১১৬৬৬/১১৬৬৫ এবং এটি ‘আগরতলা–রাণী কমলাপতি এক্সপ্রেস’ নামে যাত্রীদের সেবা দেবে।
সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যাত্রীসাধারণের সুবিধার কথা মাথায় রেখেই এই দাবি জানিয়েছিলাম। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ত্রিপুরার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।”
এই ঘোষণায় ত্রিপুরার যাত্রীরা বড় স্বস্তি পেয়েছেন। বিশেষ করে রাজ্যের বাইরে যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।
