ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন: নিরাপত্তা পর্যালোচনায় খোয়াই সফরে রাজ্য পুলিশের ডিজি অনুরাগ আইপিএস

1 Min Read
নিউজ ডেস্ক || আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি) অনুরাগ আইপিএস খোয়াই জেলা সফরে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। বৃহস্পতিবার খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক করে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
বৈঠকে খোয়াই ও ধলাই জেলার পুলিশ সুপারসহ পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ১২ এপ্রিলের নির্বাচন ঘিরে বাহিনী মোতায়েন, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রার্থীদের নিরাপত্তাসহ ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডিজি অনুরাগ আইপিএস জানান, নির্বাচনের জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) দাবি করা হলেও তা পাওয়া যায়নি। তবে রাজ্য পুলিশের কাছে যথেষ্ট ফোর্স রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের প্রচার অভিযানে প্রার্থীদের নিরাপত্তা এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চলছে। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা রাজ্য রাইফেলসের জওয়ান মোতায়েন করা হবে।
রাজ্য প্রশাসন নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে। এই নিরাপত্তা পর্যালোচনা আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version