ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসেবে আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি

2 Min Read
নিউজ ডেস্ক || মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ ঘোষণা করেছেন, অটল ইনোভেশন মিশন ও নীতি আয়োগের সহযোগিতায় ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতি চালু করবে। একইসঙ্গে স্টেট ইনোভেশন মিশনের সূচনা হয়েছে। আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরায় রাজ্য উদ্ভাবন মিশন ভারতের প্রথম রাজ্য-স্তরের উদ্ভাবন মিশন। আমরা প্রশাসনিক সংস্কার, ডিজিটাল শাসন ও স্টার্ট-আপ নীতির মাধ্যমে যুবকদের আকাঙ্ক্ষাকে উদ্যোগে রূপান্তরিত করছি।” তিনি জানান, রাজ্যটি পুরোপুরি কাগজবিহীন প্রশাসন চালু করেছে—মন্ত্রিসভা থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত।
এই মিশন নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশনের অংশ। আইআইএম কলকাতা, আইআইটি দিল্লি, আইআইএম ব্যাঙ্গালোর ও টি-হাবের সহযোগিতায় গড়ে উঠবে টি-নেস্ট। চানমারিতে এয়ারটেল ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত অত্যাধুনিক ইনকিউবেশন পার্ক ও আটটি জেলায় উদ্ভাবন কেন্দ্র স্থাপিত হবে। ত্রিপুরা দেশের প্রথম ডিস্ট্রিক্ট ইনোভেটর ফেলোশিপও চালু করবে।
স্মার্ট সিটি আগরতলায় এআই-ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, পার্কিং, বিদ্যুৎ, পানীয় জল, বন্যা ও বর্জ্য নিয়ন্ত্রণসহ নানা সেবায় প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া মেইত্যের সহায়তায় এআই সেন্টার অফ এক্সিলেন্স ও আইটি অ্যান্ড ডেটা ইকোনমিক জোন গড়ে তোলার পরিকল্পনা চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, সদস্য ভি.কে. সারস্বতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগ ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের উদ্ভাবন কেন্দ্রে পরিণত করবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক করিডরের সঙ্গে যুক্ত করে রাজ্যের যুবসমাজ ও অর্থনীতিকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version