নিয়মিত বেতনক্রম ও প্রমোশন নিয়ে উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে কার্যকরের দাবি
নিউজ ডেস্ক || শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ভারতীয় মজদুর সংঘের অনুমোদনপ্রাপ্ত অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্কুল কম্পিউটার শিক্ষকদের জন্য ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত বেতনক্রম অবিলম্বে কার্যকর করার জোরালো দাবি জানানো হয়।
সংগঠনের নেতৃত্ব আরও অভিযোগ করেন যে, রাজ্য সরকার যে প্রমোশন ও নিয়মিতকরণের ঘোষণা দিয়েছিল, সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ও দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত করা হচ্ছে না। এই দুটি বিষয়ে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, উচ্চ আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়িত না হলে আগামী দিনগুলিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন তাঁরা। এই পরিস্থিতিতে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে, রাজ্য সরকার খুব শীঘ্রই এই দাবিগুলি পূরণ করে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগী হবে।
