আগরতলা, ৫ জুন: বিভিন্ন দাবি-দাওয়া পূরণের দাবিতে শুক্রবার সকাল থেকে আগরতলায় অনির্দিষ্টকালের জন্য র্যাপিডো বাইক পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাইডাররা। এর ফলে শহরের যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাইডারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কমিশন কাঠামো, প্রণোদনা (ইনসেনটিভ) এবং কর্মসংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে র্যাপিডো কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে দাবি তাদের।
বিক্ষোভরত এক রাইডার জানান, এর আগে উবারের ‘বাইক সেভার’ পরিষেবার কম ভাড়ার বিরুদ্ধে আন্দোলন করে তারা সেই পরিষেবা বন্ধ করাতে সক্ষম হয়েছিলেন। সে সময় র্যাপিডো কর্তৃপক্ষও কম ভাড়ার কোনো পরিষেবা চালু না করার আশ্বাস দিয়েছিল। কিন্তু পরবর্তীতে একই ধরনের স্বল্পভাড়ার পরিষেবা চালু হওয়ায় চালকদের আয় মারাত্মকভাবে কমে গেছে।
রাইডারদের দাবি, বর্তমানে অনেক ক্ষেত্রে ৪ কিলোমিটার পিকআপ এবং ৩ কিলোমিটার ড্রপ সম্পন্ন করার পরও মাত্র ২৪ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে, যা জ্বালানি ও অন্যান্য খরচের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং লোকসানজনক।
দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকালে বিপুল সংখ্যক রাইডার আগরতলায় একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা র্যাপিডোর অপারেশন ম্যানেজারের অফিসে গিয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
অন্যদিকে, হঠাৎ করে র্যাপিডো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আগরতলা শহরের সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী এবং জরুরি কাজে যাতায়াতকারীরা বিকল্প পরিবহন ব্যবস্থা নিয়ে সমস্যার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
