দুই দিনের সফরে ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্ত নিরাপত্তা পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক

1 Min Read

নিউজ ডেস্ক || দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে করে আগরতলায় পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানী আগরতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সফরের দ্বিতীয় দিনে সকালে আগরতলার ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্রাসাদ (পুরনো রাজভবন) প্রাঙ্গণে নির্মীয়মাণ পুষ্পবন্ত প্যালেস হোটেল প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়া এলাকায় অবস্থিত সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) সীমান্ত চৌকি পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন বলে জানা গেছে।

পরিদর্শনের পর আগরতলার সালবাগানস্থিত বিএসএফ সদর দফতরে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রাজ্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়, এবং সামগ্রিক নিরাপত্তা অবকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি), বিএসএফ-এর মহাপরিদর্শক (আইজি) সহ বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

সফরসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ ত্রিপুরার উদয়পুরে অবস্থিত মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরেও পূজা-অর্চনা করবেন বলে সূত্রের খবর।

রাজ্যের নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version