কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলো। তাদের অভিযোগ, চুক্তির ভিত্তিতে তারা দুই বছর আগে অস্ত্র সমর্পণ করে মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেও এখনো পর্যন্ত পুনর্বাসন কিংবা চুক্তির কোনো শর্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি।
আত্মসমর্পণকারীদের দাবি, অতীতে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যেই পুনর্বাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু তাদের ক্ষেত্রে দুই বছর অতিক্রান্ত হলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি তাদের বর্তমান জীবনযাপনের জন্য স্থায়ী বাসস্থান বা প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
গোষ্ঠীর সদস্যরা জানান, বারবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে দীর্ঘদিনের অবহেলা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার প্রতিবাদে তারা চলতি মাসের ১২ তারিখ থেকে ৭২ ঘণ্টার হরতালের ডাক দিতে বাধ্য হয়েছেন।
হরতাল সফল করতে সংগঠনের সকল ক্যাডার এবং সাধারণ মানুষের প্রতি সমর্থন ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দ্রুত ত্রিপাক্ষিক চুক্তির শর্তগুলো বাস্তবায়ন এবং আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
