দেরাদুনে ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমা হত্যাকাণ্ডে ৫ গ্রেপ্তার, প্রধান অভিযুক্ত পলাতক

1 Min Read

নিউজ ডেস্ক || দেরাদুনে ত্রিপুরার এমবিএ ছাত্র এঞ্জেল চাকমা হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৩ জন প্রাপ্তবয়স্ক এবং ২ জন কিশোর। প্রধান অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তার সন্ধানে তদন্ত অব্যাহত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজ্য বিধানসভায় বিধায়ক পল দাংশুর নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ তথ্য জানান। তিনি বলেন, পলাতক অভিযুক্তের খোঁজে দেরাদুন পুলিশ ২৫ হাজার টাকা এবং উত্তরাখণ্ড পুলিশ সদর দপ্তর ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। লুক আউট সার্কুলার ও ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে। আদালতে মামলার শুনানি চলছে।

মুখ্যমন্ত্রী এই ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করে জানান, ঘটনার পর থেকেই তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর রেখেছেন। ২০২৫ সালের ২৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেন। পরে আবার যোগাযোগ করে কঠোর ব্যবস্থার আশ্বাস পান।

রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড সরকার ৪ লক্ষ ১২ হাজার ৫০০ টাকার চেক দিয়েছে। মন্ত্রী সান্ত্বনা চাকমা ও টিংকু রায় পরিবারের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী নিজে ১৪ জানুয়ারি এঞ্জেলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধানুষ্ঠানেও মন্ত্রী উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version