দেশব্যাপী নতুন গ্রামীণ কর্মসংস্থান মিশনের আনুষ্ঠানিক সূচনা হলো অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রিপুরার খোয়াই জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জেলা স্তরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিধায়িকা কল্যাণী সাহা রায় জানান, পূর্বতন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA)-এর কাঠামোতে পরিবর্তন এনে নতুন গ্রামীণ কর্মসংস্থান মিশন চালু করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই নতুন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং গ্রামীণ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নতুন মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কর্মসংস্থানের গ্যারান্টি ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকার শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে খোয়াই জেলার জেলাশাসক (ডিএম) একটি তথ্যচিত্র (পিপিটি)-র মাধ্যমে প্রকল্পের বিভিন্ন বৈশিষ্ট্য, কর্মক্ষেত্রের বিস্তৃতি এবং শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, নতুন মিশনের আওতায় আগের মতো শুধু মাটি কাটা বা পুকুর খননের কাজেই সীমাবদ্ধ না থেকে, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী, স্বনির্ভর ও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে বিভিন্ন উৎপাদনমুখী ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশাসনের মতে, এই নতুন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
