দ্রব্যমূল্য বৃদ্ধি ও শ্রমকোড বাতিলের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক সিআইটিইউ’র

1 Min Read

আগরতলা, ৬ জুন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি এবং নতুন কেন্দ্রীয় শ্রমকোড বাতিলের দাবিতে রাজ্যজুড়ে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সিআইটিইউ। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, আগামী জুন ও জুলাই মাস জুড়ে বিভিন্ন স্থানে মিছিল ও সভা-সমাবেশের আয়োজন করা হবে। এরপর আগস্ট মাস থেকে বৃহত্তর বিক্ষোভ ও গণআন্দোলন শুরু করা হবে।

সিআইটিইউর নেতারা অভিযোগ করেন, কেন্দ্রের শ্রমকোড শ্রমিক স্বার্থের পরিপন্থী এবং এর ফলে শ্রমিকদের কাজের সময়সীমা ৮ ঘণ্টার পরিবর্তে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকা কার্যকর করার দাবিও তোলা হয়।

সংগঠনের নেতা মানিক দে রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ত্রিপুরায় কর্মসংস্থানের সুযোগ ক্রমশ কমে যাচ্ছে। ফলে হাজার হাজার যুবক-যুবতী কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। তিনি অবিলম্বে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান। পাশাপাশি কনস্ট্রাকশন ওয়েলফেয়ার ফান্ডের প্রাপ্য সুবিধা শ্রমিকরা সঠিকভাবে পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে সিআইটিইউ নেতা শংকর প্রসাদ দত্ত কেন্দ্রীয় শ্রমকোডের কড়া সমালোচনা করে বলেন, এই আইন শ্রমিকদের অধিকার খর্ব করছে। তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন নির্দেশিকা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সিআইটিইউ নেতৃত্বের দাবি, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আগামী দিনে তাদের আন্দোলন আরও জোরদার হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version