দ্রাবিড় রাজনীতির দ্বৈত আধিপত্য ভেঙে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়

2 Min Read

নিউজ ডেস্ক || টানা চার দিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের পথ স্পষ্ট হল। রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

১৯৬৭ সালের পর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী পেল তামিলনাড়ু, যিনি ডিএমকে কিংবা এআইএডিএমকে— কোনো দ্রাবিড় শিবিরের সঙ্গে যুক্ত নন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজয়ের বাবা-মা এস এ চন্দ্রশেখর ও শোভা চন্দ্রশেখরসহ তামিল চলচ্চিত্র জগতের তারকারা। অভিনেত্রী তৃষা কৃষ্ণনসহ অনেকেই এই ঐতিহাসিক মুহূর্তে অংশ নেন। সমর্থকদের উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

বর্তমানে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে’র পক্ষে রয়েছে ১২০ জন বিধায়ক, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা ছাড়িয়ে গেছে। শনিবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন ঘোষণা করে। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পাঁচ, সিপিআইয়ের দুই এবং সিপিআই(এম)-এর দুই বিধায়কের সমর্থনেও টিভিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

তবে ভিসিকে, আইইউএমএল, সিপিআই ও সিপিআই(এম) আনুষ্ঠানিক জোটে যোগ না দিয়ে শুধু বাইরে থেকে সমর্থন দিয়েছে।

রাজ্যপালের নির্দেশ অনুসারে আগামী ১৩ মে-এর মধ্যে বিধানসভায় আস্থা ভোট সম্পন্ন করতে হবে। এটিই হবে বিজয় সরকারের সামনে প্রথম বড় পরীক্ষা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের দ্রাবিড় দলীয় আধিপত্যের বাইরে এই নতুন সরকার তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version