ধর্মনগরের যুব মোর্চার মণ্ডল সভাপতি ও পুর পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রয়াত রাহুল কিশোর রায়ের মৃত্যুর চারদিন পর তাঁর বাড়িতে গিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সামনেই স্বামীর মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করলেন অনন্যা ভট্টাচার্য। এ ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
বৃহস্পতিবার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে রাহুল কিশোর রায়ের বাড়িতে পৌঁছান বিজেপি বিধায়ক জহর চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন উত্তর জেলা সভাপতি কাজল দাস, পুর পরিষদ চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, কাউন্সিলর নবনীতা আচার্যসহ দলীয় নেতৃত্ব।
এ সময় প্রয়াত নেতার স্ত্রী অনন্যা ভট্টাচার্য বিধায়কের উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, স্বদলীয় গোষ্ঠী কোন্দলের শিকার হয়েছেন রাহুল। তাঁর মতে, বিজেপির কারণেই এই মৃত্যু ঘটেছে। অনন্যা আরও বলেন, তাঁদের পরিবার সবসময় বিজেপিকে ভোট দিয়ে এসেছে, অথচ আজ এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
বিধায়ক জহর চক্রবর্তী পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাহুল কিশোর রায়ের অকাল মৃত্যু ঘিরে ধর্মনগরে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে। পরিবারের তরফে ওঠা এই অভিযোগ ঘটনাকে আরও জটিল করে তুলেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনা দলের অভ্যন্তরীণ কোন্দলকে নতুন করে সামনে আনতে পারে। প্রকৃত ঘটনা কী ঘটেছে তা খতিয়ে দেখতে প্রশাসনের তদন্তের দিকে নজর রয়েছে সকলের।
