নিউজ ডেস্ক || আসন্ন ৫৬-ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার সদর শহর ধর্মনগর সোমবার সরগরম হয়ে উঠেছে। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য এক বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
সকাল প্রায় ১১টায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয় বিশাল মিছিল। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। প্রার্থী চয়ন ভট্টাচার্য মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন। হাজার হাজার কর্মী-সমর্থকের উচ্ছ্বাসে শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে মিছিল মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে তিনি নিজের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে চয়ন ভট্টাচার্য বলেন, “এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে মানুষ কংগ্রেসের পাশেই থাকবে।” রাজনৈতিক মহল এই বিশাল জমায়েতকে উপনির্বাচনের আগে কংগ্রেসের বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখছে।
এই ঘটনা রাজ্যের আসন্ন উপনির্বাচনের রাজনৈতিক হাওয়া কতটা বদলাতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই জনসমর্থন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে এবং ফলাফল কোন দিকে মোড় নেয়।
