রাসায়নিকমুক্ত প্রাকৃতিক চাষাবাদের প্রসার এবং আবাদি জমির উর্বরতা বজায় রাখার লক্ষ্যে ধলাই জেলায় অনুষ্ঠিত হলো ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মশালা। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজ কান্তি দেব এবং বিধায়িকা স্বপ্না দাস পালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের ফলে কৃষিজমির উর্বরতা ক্রমশ হ্রাস পাচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের অনুপ্রেরণায় দেশব্যাপী ‘ক্ষেত বাঁচাও অভিযান’ শুরু হয়েছে।
কৃষকদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, নিজেদের চাষের জমিকে দুই ভাগে ভাগ করে এক অংশে প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি অপর অংশে পরীক্ষামূলকভাবে প্রাকৃতিক বা ন্যাচারাল ফার্মিং শুরু করতে। এর মাধ্যমে জমির হারিয়ে যাওয়া উর্বরতা শক্তি পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি দপ্তরের মতে, সরকারের এই উদ্যোগ আগামী দিনে ধলাই জেলা তথা সমগ্র রাজ্যের কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
