নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভার এস টি কমিটির এক প্রতিনিধি দল দুদিনের সফরে ধলাই জেলায় পৌঁছেছেন। এই সফরে দলটি জেলার বিভিন্ন জনজাতি ছাত্রছাত্রীদের হোস্টেল পরিদর্শন করবেন।
আজ সকালে প্রথমে কমলপুর এবং পরে আমবাসায় জনজাতি হোস্টেলগুলি খতিয়ে দেখেন প্রতিনিধিরা। দলে ছিলেন এসটি কমিটির চেয়ারম্যান প্রমোদ রিয়াং, বিধায়ক রাম পদ জমাতিয়া, রঞ্জিত দেববর্মা, নন্দিতা দেববর্মা রিয়াং ও মাইলাফ্রু মগ। আমবাসায় স্থানীয় বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মাও তাঁদের সঙ্গে যুক্ত হন। জনজাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিকসহ বিধানসভার আধিকারিকরাও এই পরিদর্শনে উপস্থিত ছিলেন।
বিধায়ক রাম পদ জমাতিয়া বলেন, হোস্টেলগুলিতে থাকা সমস্যাগুলি চিহ্নিত করা হবে। পরে একটি রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে। উত্তর ও দক্ষিণ জেলার সফর ইতিমধ্যে শেষ হয়েছে। এখন ধলাই জেলায় চলছে, ধাপে ধাপে বাকি জেলাগুলিতেও একইভাবে পরিদর্শন হবে।
