নিজস্ব প্রতিনিধি : এলাকার মানুষের সুস্বাস্থ্য ও সামাজিক কল্যাণের লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন করা হলো। একইসঙ্গে উদ্বোধন করা হয় একটি আধুনিক ওপেন জিম, যা স্থানীয় বাসিন্দাদের শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে সহায়ক হবে।
অনুষ্ঠান উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিনারানী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভানেত্রী মনিকা চক্রবর্তী, সেক্রেটারি উত্তম দে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিজিৎ দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মিনারানী সরকার জানান, তাঁর বিধায়ক তহবিল থেকে এলাকার মানুষের স্বার্থে এই ওপেন জিমটি প্রদান করা হয়েছে। তিনি বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ওএনজিসি (ONGC) কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ক্লাবের উত্তরোত্তর উন্নতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
