আগরতলা প্রতিনিধি: ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নতুন মৌসুমী অক্ষরেখার প্রভাবে ত্রিপুরাজুড়ে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণে ব্যাপক তারতম্য লক্ষ্য করা গেছে। পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগরতলা বিমানবন্দরে ৫৮ মিলিমিটার, এডিনগরে ৬৪.৯ মিলিমিটার এবং লেম্বুছড়াতে ৫৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তর ত্রিপুরা, উনকোটি ও ধলাই জেলার কয়েকটি এলাকা এবং উদয়পুর ও যুবরাজনগরে শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আবহাওয়া দফতর খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আগামী দিনগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে। বিশেষ করে নিচু এলাকা এবং নদীতীরবর্তী বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যেই বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ৬,০০০-এরও বেশি মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
এদিকে, টানা বৃষ্টির কারণে রাজ্যে তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে উচ্চ আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
প্রশাসন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
