নিউজ ডেস্ক || ইন্ডিয়া জোট মহিলাদের অপমান করেছে বলে তীব্র আক্রমণ শানিয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, বিরোধীদের আত্মকেন্দ্রিক রাজনীতির কারণে দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠী অর্থাৎ নারীদের প্রাপ্য অধিকার ক্ষুন্ন করা হয়েছে।
বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, “নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নে বিরোধীদের অবস্থান সম্পূর্ণ জনবিরোধী। নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা নারী শক্তি অধিনিয়ম বিলের পথে বাধা সৃষ্টি করছে, যা অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও বলেন, “মহিলাদের সম্মান, অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। কিন্তু বিরোধীরা তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের কারণে এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।”
মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। তাই আগামী দিনে সংসদে নারী শক্তি অধিনিয়ম বিল অবশ্যই পাশ হবে। মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার কোনোভাবেই পিছিয়ে যাবে না।”
ত্রিপুরা বিধানসভায় এই বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কেন্দ্রীয় সরকারের নারী ক্ষমতায়নের অঙ্গীকারকে পুনরায় জোর দিয়েছেন এবং বিরোধীদের ভূমিকাকে তীব্রভাবে সমালোচনা করেছেন।
