নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে ঐক্যের ডাক, ২৪ জুলাই হায়দরাবাদে এআইডিএসও-র জাতীয় কনভেনশন

1 Min Read

আগরতলা প্রতিনিধি: দেশজুড়ে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগরতলা প্রেস ক্লাবে এক মতবিনিময় ও নাগরিক সভার আয়োজন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)।

সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। এই লক্ষ্যেই আগামী ২৪ জুলাই হায়দরাবাদের সুন্দরাইয়া বিজ্ঞান কেন্দ্রে একটি জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ওই কনভেনশনে তেলেঙ্গানার প্রাক্তন বিচারপতি ড. জি. রাধারানী-সহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ, আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়েও সেখানে বিস্তারিত আলোচনা হবে।

জাতীয় কনভেনশনকে সফল করতে ত্রিপুরার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে স্বেচ্ছাসেবী প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। এআইডিএসও সূত্রে জানা যায়, হায়দরাবাদের মূল কনভেনশনে ত্রিপুরা রাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

জাতীয় কনভেনশনের প্রস্তুতির অংশ হিসেবেই আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত নাগরিক সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা থেকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধের বিরুদ্ধে শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলতে সকল সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version