নিউজ ডেস্ক || ভারতের নির্বাচন কমিশন আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের সূচি ঘোষণা করেছে। রবিবার সাংবাদিক সম্মেলনে এই তফসিল প্রকাশ করা হয়।
ঘোষিত সূচি অনুসারে আসাম, কেরালা ও পুদুচেরিতে ৯ এপ্রিল এক দফায় ভোট হবে। তামিলনাড়ুতে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফলাফল ঘোষণা করা হবে একসঙ্গে ৪ মে।
এবারের নির্বাচনে প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। মোট ৮২৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে গত এক বছরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল ‘স্পেশাল ইনটেনশনাল রেজিস্ট্রেশন’ (SIR)। পাশাপাশি নতুন নিয়মে ভোটারদের মোবাইল ফোন ভোটকেন্দ্রের বাইরে রাখতে হবে। ভোটদান শেষে ফোন ফেরত নেওয়া যাবে।
নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। উল্লেখ্য, এই পাঁচ রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার মেয়াদ আগামী মে মাসে শেষ হচ্ছে।
এই নির্বাচনগুলি রাজনৈতিক দলগুলির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। ৪ মে ফলাফল ঘোষণার পর জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
