নেশামুক্ত ত্রিপুরা গড়তে পুলিশের বড় সাফল্য: ২৪ ঘণ্টায় উদ্ধার ৫.৫ কোটি টাকার নেশাসামগ্রী, গ্রেফতার ১০

1 Min Read

নিউজ ডেস্ক || নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান নেশাবিরোধী অভিযানে বিশাল সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের তিন জেলায় একাধিক অভিযান চালিয়ে পুলিশ আনুমানিক ৫.৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন নেশাসামগ্রী উদ্ধার করেছে এবং এনডিপিএস আইনের অধীনে একাধিক মামলা দায়ের করেছে। এই তথ্য জানিয়েছেন পুলিশের এআইজিপি (ল অ্যান্ড অর্ডার) রণধীর কুমার দেববর্মা।

ঊনকোটি জেলার কুমারঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে আনুমানিক ১.৫ কোটি টাকা মূল্যের ২ কেজি ৮২০ গ্রাম ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের ৪৪,০০০ ইয়াবা ট্যাবলেট। এই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ধলাই জেলার আমবাসা থানা পুলিশের দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে আনুমানিক ১.৫ কোটি টাকা মূল্যের ৬৯ গ্রাম ব্রাউন সুগার (৪৫ গ্রাম ও ২৪ গ্রাম) এবং ২০,০০০ ইয়াবা ট্যাবলেট। এই দুই অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এআইজিপি রণধীর দেববর্মা জানান, রাজ্য সরকারের নেশার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে আরও মজবুত করতেই এই অভিযানগুলি চালানো হয়েছে। তিনি আরও বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version