নেশামুক্ত ত্রিপুরা গড়তে সচেতনতা ও আধুনিক চিকিৎসা—সরকারের বড় উদ্যোগ

2 Min Read

নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন, বিশ্রামগঞ্জে তৈরি হচ্ছে ২০০ শয্যার আধুনিক ডি-অ্যাডিকশন হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা: যুবসমাজকে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে সচেতন করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরণা দেববর্মা, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, দপ্তরের সচিব তপন কুমার দাস এবং পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, রাজ্যে নেশামুক্তি পরিষেবাকে আরও শক্তিশালী করতে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে প্রায় ১২১ কোটি টাকা ব্যয়ে একটি ২০০ শয্যার অত্যাধুনিক সমন্বিত ড্রাগ ডি-অ্যাডিকশন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এই হাসপাতালটি শুধু চিকিৎসা পরিষেবাই নয়, রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনমূলক বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধাও প্রদান করবে।

তিনি জানান, হাসপাতালটিতে সুইমিং পুল, ব্যায়ামাগার এবং বিভিন্ন ধরনের ক্রীড়া কার্যক্রমের ব্যবস্থা থাকবে, যাতে চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক ও শারীরিক পুনর্বাসন নিশ্চিত করা যায়।

এছাড়াও মন্ত্রী জানান, রাজ্যের বাকি আটটি জেলায়ও ৫০ শয্যাবিশিষ্ট জেলা পর্যায়ের নেশামুক্তি কেন্দ্র বা ডিস্ট্রিক্ট হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মাদকাসক্ত ব্যক্তিরা নিজ নিজ জেলার কাছাকাছি উন্নত চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবা পেতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সমাজের সকল স্তরের মানুষকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আবেদন জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version