নিউজ ডেস্ক || রাজ্য সরকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগরতলায় ট্রান্সপোর্ট কমিশনারেটের নতুন অফিস ভবন, বিভিন্ন জেলায় নতুন জেলা পরিবহন অফিস (ডিটিও) এবং রাজ্যের নানা প্রান্তে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।
এই প্রকল্পগুলির অগ্রগতি, সময়সীমা ও আর্থিক দিক পর্যালোচনা করতে মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে পরিবহন দপ্তরের অধীনে চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণকারী সংস্থাগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার কড়া নির্দেশ দেন।
পাশাপাশি পরিবহন, পূর্ত, গ্রামোন্নয়ন ও হাউজিং বোর্ডের উচ্চপদস্থ আধিকারিকদের নির্মাণকাজ দ্রুত শেষ করে প্রয়োজনীয় ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ যথাসময়ে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
বৈঠকে পরিবহন সচিব ইউ. কে. চাকমা-সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং নির্মাণ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পগুলি সম্পন্ন হলে রাজ্যের পরিবহন ব্যবস্থা আরও সুগঠিত ও আধুনিক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
