পাহাড়ে সরকার গঠনের উদ্যোগ: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ প্রদ্যোত কিশোর দেববর্মণের

2 Min Read
নিউজ ডেস্ক || তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো ও এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করে পাহাড়ি এলাকায় পুনরায় সরকার গঠনের লক্ষ্যে আলোচনা করেছেন। বর্তমান এডিসি পরিষদের মেয়াদ শেষ হওয়ার দিনেই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রদ্যোত দেববর্মণের সঙ্গে উপস্থিত ছিলেন তিপরা মথার সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা, রুনিয়েল দেববর্মা, সি.কে. জমাতিয়া ও পূর্ণচন্দ্র জমাতিয়া। একই দিন পূর্ণচন্দ্র জমাতিয়া রাজ্যপালের কাছে এডিসি পরিষদের পদত্যাগপত্র জমা দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত দেববর্মণ বলেন, “এই জয় সম্পূর্ণভাবে জনগণের জয়। কে কী বলছে তা গুরুত্বপূর্ণ নয়, জনগণ তাদের রায় দিয়েছে।” তিনি আরও জানান, তিপ্রাসাদের অধিকার আদায়ে কোনও আপস করা হবে না। “আগের তুলনায় তিনগুণ বেশি কাজ করবো তিপ্রাসাদের জন্য। আমাদের উপর মানুষের যে আস্থা রয়েছে, তা আমরা রক্ষা করবো। কখনও গদ্দারি করবো না,” যোগ করেন তিনি।
বিজেপির প্রসঙ্গে প্রদ্যোত বলেন, “বিজেপির মধ্যে অধিকাংশ মানুষই ভালো, তবে এক-দু’জন মুখ্যমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করেছেন।” তাঁর দাবি, ২০১৮ সালের পর সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া একাংশই এই পরিস্থিতির জন্য দায়ী। তিনি আশা প্রকাশ করেন যে এডিসি নির্বাচনের ফলাফল দেখে মুখ্যমন্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন। “কোনো রাজনৈতিক দলে ফাটল ধরানো ভালো রাজনীতির উদ্দেশ্য হতে পারে না,” মন্তব্য করেন প্রদ্যোত।
জনগণের ভূমিকা নিয়ে তিনি বলেন, “মানুষ সব বোঝে। তাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। তারা অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান।”
এই সাক্ষাৎ এডিসি নির্বাচনে তিপরা মথার সাফল্যের পর পাহাড়ি রাজনীতিতে নতুন মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের উপজাতি অধিকার ও ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version