গভীর রাতে বাড়ি ফেরার পথে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন সমীর দাস নামে এক যুবক। অভিযোগ, স্কুটি নিয়ে বাড়ি ফেরার সময় তাঁকে জোর করে স্কুটি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত স্থানীয় বাসিন্দা স্বপন সূত্রধর ওরফে সম্পদ। সমীর দাসের সঙ্গে স্বপনের দীর্ঘদিনের বিবাদ ছিল। পরিবারের দাবি, প্রায়ই তাঁদের মধ্যে ঝামেলা লেগে থাকত। পাশাপাশি সমীর যে ক্লাবের সদস্য ছিলেন, সেখানে নতুন কমিটি গঠনের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত এই খুনের কারণ হতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তদন্তে নেমেছে ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড। পুলিশ সমীর দাসের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
