পুলিশ সপ্তাহ প্যারেড ২০২৬: আধুনিক প্রযুক্তিতে সুরক্ষিত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

2 Min Read
নিউজ ডেস্ক || অরুন্ধুতিনগরের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ স্টেডিয়ামে আয়োজিত পুলিশ সপ্তাহ প্যারেড ২০২৬-এ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে অত্যাধুনিক প্রযুক্তিতে আরও দক্ষ করে তুলতে হবে। সমাজে অপরাধের ধরন বদলাচ্ছে, তাই আরক্ষা বাহিনীকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে।
মুখ্যমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন এবং জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন। তিনি জানান, ২০২৫ সালে রাজ্যে সামগ্রিক অপরাধের হার ৮.৩০ শতাংশ কমেছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধে ত্রিপুরা ২৮টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে একাদশ স্থানে রয়েছে। বর্তমানে ৯টি মহিলা থানা ও প্রতিটি থানায় ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রয়েছে। সড়ক দুর্ঘটনা ৮.৮২ শতাংশ এবং মৃত্যুর হার ১৩ শতাংশ কমেছে। ১৬টি ব্ল্যাক স্পট ও ৮৪টি দুর্ঘটনাপ্রবণ এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নেশামুক্ত ত্রিপুরা গড়তে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এনডিপিএস মামলা ১১.০৬ শতাংশ বেড়েছে এবং গত কয়েক বছরে প্রায় ১৬৪১৮৯ কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তে ৫৭৬ জন অবৈধ অনুপ্রবেশকারী ও ১০২ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার পুলিশ স্টেশন চালু করা হয়েছে।
অনুষ্ঠানে ৯৫৩ জন কনস্টেবল নিয়োগের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আরও ৯১৬ জন কনস্টেবল ও ২১৮ জন সাব-ইনস্পেক্টর নিয়োগ করা হবে। আজ ১১৪টি পুলিশ বাইক ও ২২টি নতুন ভ্যানের যাত্রা শুরু হয়। ৫০০ জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ সদস্য ও তাদের সন্তানদের পুরস্কৃত করা হয়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইন-শৃঙ্খলায় এআই প্রযুক্তি ও সড়ক নিরাপত্তায় জিপিএস ব্যবস্থা চালু করার পরিকল্পনা চলছে। এই অনুষ্ঠান আরক্ষা বাহিনীর মধ্যে দেশাত্মবোধ ও প্রতিযোগিতার চেতনা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version