প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনায় মাতাবাড়িতে বিশেষ যজ্ঞ, উপস্থিত বিজেপি নেতৃত্ব

1 Min Read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে রাজ্যজুড়ে বিভিন্ন মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উদয়পুরের ঐতিহ্যবাহী এবং ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, তথা মাতাবাড়িতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিশেষ পূজা ও যজ্ঞ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় জানান, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসরণ করে প্রতিটি মণ্ডলের ধর্মীয় স্থানগুলোতে এই পূজার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১২ বছর ধরে দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি যেন ভবিষ্যতেও একইভাবে দেশের সেবা করে যেতে পারেন এবং সুস্থ ও দীর্ঘায়ু লাভ করেন, সেই প্রার্থনাই আমরা মায়ের কাছে করেছি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিজেপির পক্ষ থেকে দেশজুড়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে ত্রিপুরার বিভিন্ন মন্দিরেও বিশেষ প্রার্থনা ও যজ্ঞের আয়োজন করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version