নিউজ ডেস্ক || বিলোনিয়া থানার নলুয়া সীমান্তে শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বিএসএফের গুলিতে এক ভারতীয় চোরাকারবারি গুরুতর আহত হয়েছেন। তিনি বাংলাদেশে চকলেট ও বিস্কুট পাচারের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ১২১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের নলুয়া বিওপি এলাকায়। স্থানীয় বাসিন্দা সুব্রত রায় (৩২) তিন সঙ্গীসহ সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ জওয়ানরা তাদের থামানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ান এক রাউন্ড গুলি ছোড়েন। গুলি সুব্রত রায়ের পায়ে লাগে। অন্যরা গুলির শব্দে পালিয়ে যান। বিএসএফ পরে ঘটনাস্থল থেকে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের চকলেট ও বিস্কুট উদ্ধার করে।
আহত সুব্রত রায়কে তার আত্মীয়রা দ্রুত শান্তিবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিএসএফ সূত্র জানিয়েছে, সীমান্তে পাচার রোধে কঠোর অভিযান চলছে। এ ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত সতর্কতার অংশ। আহত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ঘটনা সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
