বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

1 Min Read

আগরতলা, ৫ জুন: ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ডলভিত্তিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন অভিষেক দেবরায়। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়জলা মন্ডলের অন্তর্গত নারায়ণপুর ড. বি.আর. আম্বেদকর স্কুল প্রাঙ্গণে আয়োজিত “এক পেড় মা কে নাম” বৃক্ষরোপণ অভিযানে তিনি অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ড. দিলীপ দাস এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত পরিবেশ রক্ষাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতা।

একইসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি সাংগঠনিক শক্তিকে তৃণমূল স্তর পর্যন্ত আরও সুসংহত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সেবা’ দর্শনে অনুপ্রাণিত হয়ে অধিক সংখ্যক যুবক ও মহিলাকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত করার জন্যও তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version