আংশিক মেঘলা আকাশেও কমছে না অস্বস্তি; পর্যাপ্ত জল ও ওআরএস পান করার পরামর্শ চিকিৎসকদের।
রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকলেও তীব্র গরম ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা আবহাওয়া অব্যাহত রয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি, অতিরিক্ত ঘাম এবং শারীরিক ক্লান্তি বেড়েই চলেছে।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর, খোয়াই, ধলাই, ঊনকোটি এবং পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা (Yellow Alert) জারি করা হয়েছে।
তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, গত কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও অধিকাংশ এলাকায় তেমন ভারী বৃষ্টি হয়নি। কোথাও কোথাও শুধুমাত্র বিক্ষিপ্ত বা হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের পর কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, তীব্র গরম ও উচ্চ আর্দ্রতার প্রভাবে মানুষের মধ্যে বমিভাব, পেটের অস্বস্তি, দুর্বলতা এবং ডিহাইড্রেশনের মতো সমস্যা বাড়ছে। বিশেষ করে দিনমজুর, নির্মাণ শ্রমিক এবং যারা দীর্ঘ সময় বাইরে কাজ করেন, তারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
এই পরিস্থিতিতে চিকিৎসকরা সবাইকে পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে ওআরএস (ORS) মিশ্রিত জল পান করা যেতে পারে। তবে অতিরিক্ত ঠান্ডা জল এড়িয়ে স্বাভাবিক তাপমাত্রার জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আকাশ মেঘলা থাকলেও জল পানের পরিমাণ কোনোভাবেই কমানো উচিত নয় বলেও চিকিৎসকদের পরামর্শ।
