উখরুলের সাংসাকে প্রায় এক ঘণ্টার গুলিযুদ্ধ; একাধিক জওয়ান আহত, হামলাকারীদের খোঁজে জোরদার তল্লাশি
মণিপুরের উখরুল জেলায় নিরাপত্তা বাহিনীর কনভয়ে সশস্ত্র হামলার ঘটনায় দুই অসম রাইফেলস জওয়ান শহিদ হয়েছেন। মঙ্গলবার সাংসাকের নুংসাং কং গ্রামের কাছে ৪০ নম্বর অসম রাইফেলসের (সাংসাক ব্যাটালিয়ন) একটি কনভয় লক্ষ্য করে আচমকা গুলি চালায় একদল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলিযুদ্ধ চলে। সংঘর্ষে অসম রাইফেলসের আধিকারিক বলবীর সিং এবং রাইফেলম্যান সিএম সিং গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনই শহিদ হন। এছাড়া আরও কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে।
এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পরপরই পুলিশ, অসম রাইফেলস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যৌথভাবে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাদ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দদাস পন্থজেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এই ধরনের সশস্ত্র সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
ঘটনার পর উখরুল জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
