নিউজ ডেস্ক || দীর্ঘ জাতিগত সহিংসতা ও রাষ্ট্রপতি শাসনের পর মণিপুরে ফিরল নির্বাচিত সরকার। বুধবার লোক ভবনে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে শপথ নিলেন বিজেপি নেতা ইউমনাম খেমচাঁদ সিং (Yumnam Khemchand Singh)। তিনি হলেন রাজ্যের ১৩তম মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে এনডিএ সরকারের নতুন যাত্রা শুরু হল।
মেইতেই সম্প্রদায়ের খেমচাঁদ সিংকে তুলনামূলক উদারপন্থী নেতা হিসেবে দেখা হয়। সহিংসতার পর তিনিই প্রথম মেইতেই নেতা হিসেবে কুকি-অধ্যুষিত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেন। বিজেপি তাঁকে জাতিগত সমঝোতার সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরেছে।
জাতিগত ভারসাম্য রক্ষায় দুই উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়েছে—নাগা পিপলস ফ্রন্টের লোশি দিখো এবং কুকি সম্প্রদায়ের নেমচা কিপগেন। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে শপথ নেওয়া নেমচা রাজ্যের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী। কুকি-জো সম্প্রদায়কে আস্থা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
২০২৩ সালের মে থেকে চলা মেইতেই-কুকি সংঘাতের মূলে রয়েছে এসটি মর্যাদার দাবি, পৃথক কুকি প্রশাসনের দাবি এবং মাদক পাচারের অভিযোগ।
বিধানসভায় বিজেপির ৩৭ বিধায়ক রয়েছে, সরকারের মেয়াদ ২০২৭ পর্যন্ত। তবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, স্বাভাবিক প্রশাসন ফেরানো এবং জাতিগত বিভাজন মেটানোই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
