নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৪তম পর্ব আজ রবিবার ত্রিপুরা জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কার্যকর্তা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য শ্রবণ করেন।
১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জয়নগরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ বিজেপির বিশিষ্ট নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতারা স্থানীয়দের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে উৎসাহিত হন।
অনুষ্ঠানের পর মন্ত্রী সুশান্ত চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, “প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর ১২৪তম পর্বের বক্তব্য দেশবাসীর মনে ইতিবাচক চিন্তাধারার আলো জ্বালিয়েছে। এই বক্তব্য জনপ্রতিনিধিদের জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।”
রাজ্যের অন্যান্য স্থানেও এই অনুষ্ঠান মনোযোগ সহকারে শোনা হয়েছে। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ২৭ নম্বর বুথে বিধায়ক ভগবান চন্দ্র দাস স্থানীয়দের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন। এছাড়া, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ফটিকরায় মণ্ডলের ৩৭, ৩৯ ও ৪০ নম্বর বুথের কার্যকর্তাদের সঙ্গে একত্রিত হয়ে এই পর্বটি শোনেন।
এদিকে, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নিজ গৃহে বসে ‘মন কি বাত’-এর এই পর্বটি শ্রবণ করেন। রাজ্যজুড়ে প্রধানমন্ত্রীর এই জনমুখী বার্তা উৎসাহের সাথে গ্রহণ করা হয়েছে, যা জনকল্যাণের কাজে নতুন প্রেরণা যোগাবে বলে মনে করছেন অনেকে।
