মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে ত্রিপুরায় সমাজব্যবস্থা শক্তিশালী হচ্ছে এবং রাজ্যের আর্থিক ভিত্তিও মজবুত হচ্ছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘সমৃদ্ধি ২.০’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে মহিলাদের স্বশক্তিকরণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে গ্রামীণ মহিলারা আত্মনির্ভর হয়ে উঠছেন। তিনি জানান, সমৃদ্ধি ২.০ অভিযানে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ২৬৯ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে ২০ কোটি ৫৮ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্যে বর্তমানে ৫৫ হাজারের বেশি মহিলা স্বসহায়ক দল রয়েছে, যার সঙ্গে প্রায় ৫ লক্ষ গ্রামীণ মহিলা যুক্ত। এ পর্যন্ত এসব দলকে ২ হাজার ৩৮৯ কোটি টাকা ব্যাংক ঋণ এবং ৮৩৭ কোটি টাকা সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, মহিলাদের আত্মবিশ্বাস ও আত্মশক্তি ২০৪৭ সালের বিকশিত ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত লাখপতি দিদিরা তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ২৪৩৭ কোটি টাকার বিভিন্ন গ্রামীণ জীবিকাভিত্তিক প্রকল্পের উদ্বোধন করেন এবং টিআরএলএম-এর নিউজলেটার প্রকাশ করেন। শ্রেষ্ঠ ব্যাংক সখী, ব্যাংক, ব্লক ও জেলাকে পুরস্কৃত করা হয়।
এই কর্মসূচি রাজ্যে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও ত্বরান্বিত করবে এবং ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
