নিজস্ব সংবাদদাতা: নেশাবিরোধী আন্দোলনে সক্রিয় যুব সংগঠন ও সমাজকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে এবং একের পর এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ তুলল ডিওয়াইএফআই। এই অভিযোগকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়।
ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, এলাকায় নেশার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার কারণেই আন্দোলনকারীদের টার্গেট করা হচ্ছে। সংগঠনের নেতা নবারুণ দেব জানান, বর্তমানে রেলপথের পাশাপাশি পোস্ট অফিসের কুরিয়ার ব্যবস্থার মাধ্যমেও নেশাসামগ্রী এলাকায় পৌঁছাচ্ছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক দুর্বৃত্ত ও নেশা কারবারিদের একটি অংশ যৌথভাবে ষড়যন্ত্র করে নেশাবিরোধী আন্দোলনের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।
সংগঠনের অভিযোগ অনুযায়ী, মোহনপুর অঞ্চলের ডিওয়াইএফআই সভাপতি সুব্রত গুহকে একটি পরিকল্পিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় নেশার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন। এছাড়াও সমাজকর্মী শুভম বিশ্বাস, যিনি একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিচালনা করেন, এবং বামপন্থী কর্মী প্রসেনজিৎ সরকারকেও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রসেনজিৎ দীর্ঘদিন ধরে নেশা ও দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন বলে সংগঠনের বক্তব্য।
ডেপুটেশনের মাধ্যমে ডিওয়াইএফআই দাবি জানিয়েছে, প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলির নিরপেক্ষ পুনর্বিবেচনা এবং গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সুরক্ষিত করারও দাবি জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নেশা কারবার ও তার মদতদাতাদের বিরুদ্ধে তাদের আন্দোলন ভবিষ্যতেও জারি থাকবে।
