নিউজ ডেস্ক || রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রকৌশলীদের দায়বদ্ধতা বাড়ানোর উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরার ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে তিনি বলেন, প্রকৌশলীরা মাঠপর্যায়ে আন্তরিকভাবে কাজ করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। শুধু সংগঠনের কার্যকলাপে যুক্ত থাকলে চলবে না।
মুখ্যমন্ত্রী জানান, গত এক বছরে প্রায় ১,৩০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এগুলি সময়মতো শেষ করা অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রীর সাম্প্রতিক সফরে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে বিলম্বের কারণ জানতে চাওয়া হয়েছে।
তিনি প্রকৌশলীদের নিয়মিত প্রশিক্ষণ, নতুন প্রযুক্তি আয়ত্তকরণ এবং জল জীবন মিশন, হাইড্রোলজি মিশনের মতো প্রকল্পে প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। আবহাওয়া বিবেচনায় অক্টোবর-ফেব্রুয়ারিতে মাঠের কাজ বাড়ানোর পরামর্শ দেন।
প্রকৌশলীদের ‘জাতির নির্মাতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বাঁশ, রাবার ও আগরউড থেকে পণ্য উৎপাদন করে রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করা যাবে।
