মেলাঘরে গাঁজা উদ্ধারের ঘটনায় আটক প্রসেনজিৎ সাহা, নিজেকে নির্দোষ দাবি

1 Min Read

মেলাঘর, ১২ জুন: মেলাঘর থানার পুলিশ এক অভিযানে প্রসেনজিৎ সাহার গাড়ি থেকে প্রায় ১ কেজি ৯৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে তাকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটকের পর ক্যামেরার সামনে প্রসেনজিৎ সাহা নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়বস্তু নিয়ে তিনি সামাজিক মাধ্যমে কনটেন্ট প্রকাশ করে আসছেন। সেই কারণেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করেছে বলে তিনি মনে করেন।

প্রসেনজিৎ সাহা জানান, তাঁর গাড়ির একটি জানালার কাচ গত দুই থেকে তিন মাস ধরে ভাঙা অবস্থায় ছিল এবং সেটি চাবি ছাড়াই খোলা যেত। তাঁর দাবি, এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ শত্রুতার বশবর্তী হয়ে গাড়ির ভেতরে গাঁজার প্যাকেটগুলো রেখে যেতে পারে।

এদিকে, উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং পুরো ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করবে এই ঘটনায় প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং গাঁজা উদ্ধারের নেপথ্যের প্রকৃত কারণ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version