মোদির দীর্ঘায়ু কামনায় আমবাসায় পূজা-যজ্ঞ, মন্দিরে বিশেষ প্রার্থনা

1 Min Read

আমবাসা, প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের ১২ বছর তথা ৪,৩৯৯ দিন পূর্তি উপলক্ষে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও পূজার্চনার আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ধলাই জেলার আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে বুধবার আমবাসার শিবশম্ভু কালীমাতা মন্দির এবং কুলাই কালীবাড়িতে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করা হয়।

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় লালছড়ির বুদ্ধ মন্দিরসহ বিভিন্ন চার্চেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই প্রার্থনা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সম্পর্কে আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী বলেন, স্বাধীনতার পর দেশের প্রথম প্রধানমন্ত্রীর কার্যকালের সময়সীমাকেও অতিক্রম করে মোদিজি ১২ বছরের সফল শাসনকাল পূর্ণ করেছেন। তাঁর দাবি, গত ১২ বছরে প্রধানমন্ত্রী দেশের গরিব, শ্রমজীবী, কৃষক ও মধ্যবিত্তসহ সমাজের সব শ্রেণির মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অভূতপূর্ব কাজ করেছেন।

এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত এই পূজা ও প্রার্থনা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যাণ কামনায় সম্পন্ন হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version