আগরতলা, ১৮ জুন: বর্তমান আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল সিপিএমের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ কর্মসূচি সম্প্রসারণ এবং বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুতে দলের অবস্থান আরও জোরালো করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন। পাশাপাশি বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যৎ নির্বাচনী রণকৌশল নিয়েও আলোচনা করা হয়। নেতৃত্বের মতে, সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল স্তরে জনভিত্তি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম. এ. বেবি, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ দলের কেন্দ্রীয় ও রাজ্যস্তরের একাধিক শীর্ষ নেতা।
বৈঠক প্রসঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, এটি দলের একটি নিয়মিত সাংগঠনিক বৈঠক। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনের আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিকে আরও গতিশীল ও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
দলের নেতৃত্বের মতে, রাজ্যের বিভিন্ন জনস্বার্থমূলক প্রশ্নে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে রাজনৈতিক লড়াইকে আরও শক্তিশালী করা হবে।
