সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৫তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, বিরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিন গোপাল চন্দ্র রায় বলেন, “রাজীব গান্ধী দেশের নবীনতম প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর নেতৃত্বে দেশে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রসার ঘটে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু করা ছিল তাঁর অন্যতম উল্লেখযোগ্য অবদান।” তিনি জানান, প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রত্যেক জেলা, ব্লক ও প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কংগ্রেস নেতারা রাজীব গান্ধীর আদর্শ ও উন্নয়নমূলক ভূমিকার কথা স্মরণ করে বলেন, তাঁর অবদান দেশের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কংগ্রেস কর্মীরা রাজীব গান্ধীর স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এ কর্মসূচি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
