রাজ্যে পেট্রোল, ডিজেল, এলপিজি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মজুত পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। জনগণকে অযথা উৎকণ্ঠা না করার আহ্বান জানিয়ে তিনি পেট্রোল পাম্পে ভিড় না বাড়ানোর অনুরোধ করেছেন।
সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, খাদ্য দপ্তরের সচিব কে. শশীকুমার, অধিকর্তা সুমিত লোধ এবং তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রাজ্যের ১৪৯টি পেট্রোল পাম্পে পর্যাপ্ত পেট্রোল-ডিজেল মজুত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এলপিজিরও কোনো ঘাটতি নেই। তাই এখনই রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে না।
মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিলেও আমাদের রাজ্যে এমন কোনো সংকট নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাশ্রয়ী ব্যবহারের আহ্বান অনুসরণ করে রাজ্য সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।”
রেশনিংয়ে ৮৪ দিনের চাল, ৫৭ দিনের গম এবং খোলা বাজারে ৮৭ দিনের ভোজ্য তেল, ১২২ দিনের লবণসহ বিভিন্ন পণ্যের মজুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কালোবাজারি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।
পরিকাঠামো নির্মাণকাজে স্লিপের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে, তবে এ বিষয়ে আরও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
