নিউজ ডেস্ক || সাধারণ মানুষের উপর আরও এক দফা মূল্যবৃদ্ধির চাপ পড়ল। তেল বিপণন সংস্থাগুলি হঠাৎ করেই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ১৪.২ কেজি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম সারা দেশে ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে দিল্লিতে এখন দাম ৯১৩ টাকা হয়েছে (আগে ৮৫৩ টাকা)।
একইসঙ্গে বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজি সিলিন্ডারের দামও বেড়েছে সিলিন্ডার প্রতি ১১৪-১১৫ টাকা পর্যন্ত। দিল্লিতে এখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৮৩ টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত অস্থিরতায় আন্তর্জাতিক জ্বালানি দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই হঠাৎ মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর বাড়তি বোঝা পড়বে। রান্নাঘরের খরচ বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা। একজন সাধারণ নাগরিক বলেন, “আগে গৃহস্থালি গ্যাস ৯৭৮ টাকা ৪০ পয়সা ছিল, এখন ১০৩৮ টাকা হয়েছে। বাণিজ্যিক গ্যাস ২২৫৫ টাকা থেকে ২৩৬৯ টাকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন দাম বাড়ছে।” বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
