নিউজ ডেস্ক || এক অনাড়ম্বর কিন্তু উৎসাহময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেড এক্সপো ২.০। রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই চারদিনব্যাপী (২৩-২৬ জানুয়ারি) মেলা ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
মেড এক্সপো মূলত স্বাস্থ্য পেশাদার, ছাত্রছাত্রী ও বিশেষজ্ঞদের মিলনমেলা। এতে শিক্ষামূলক আলোচনা, ডিজিটাল প্রযুক্তি ও সংস্কৃতির সুন্দর মেলবন্ধন ঘটেছে। কলেজের সভাপতি ডক্টর মলয় পীট-এর অদম্য উদ্যোগ ও ইচ্ছাশক্তিতে এই মেলা বাস্তবায়িত হয়েছে।
প্রথম দিনে মহিলা উদ্যোক্তাদের সংবর্ধনা, তাঁদের অভিজ্ঞতা শেয়ার ও মেলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডক্টর মলয় পীট মেলার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। স্থানীয় শিল্পীদের নৃত্য-সঙ্গীত ও কলেজের ছাত্রছাত্রীদের পারফরম্যান্স মেলাকে প্রাণবন্ত করে তোলে।
দ্বিতীয় দিনে অধ্যক্ষ ডক্টর সঞ্জয় নাথ-সহ বিশিষ্টজনেরা মেলার সূচনা করেন। উপস্থিত ছিলেন স্টেট টিবারকুলোসিস অফিসার ডক্টর নূপুর দেববর্মা, ত্রিপুরা স্টেট মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টার ডক্টর ভোলানাথ সাহা প্রমুখ। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন কোম্পানির আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন করেন।
মেলার বিশেষ আকর্ষণ ছিল বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী অমিত মিশ্রর সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় তাঁর গানে উচ্ছ্বাসে ফেটে পড়ে কলেজ প্রাঙ্গণ—ছাত্রছাত্রী, মহিলা উদ্যোক্তা থেকে কর্মচারী সকলেই উদ্দীপ্ত হয়ে ওঠেন।
এই মেলা স্বাস্থ্যশিক্ষা, ক্লিনিক্যাল উৎকর্ষ ও সাংস্কৃতিক উৎসবের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে।
