শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে অবরোধ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক হল সড়ক ও রেল চলাচল

1 Min Read

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত ত্রিপাক্ষিক শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বড়মুড়া-হাতাইকতরের চন্দ্রসাধুপাড়া, মান্দাইয়ের ভৃগুদাস এলাকা এবং সুবল সিং এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলে কিছু সময়ের জন্য সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়। ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়।

আন্দোলনকারীদের দাবি, ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রতিটি ধারা দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি তিপ্রাসা জনগোষ্ঠীর ভূমি অধিকারের স্বীকৃতি, পৃথক প্রশাসনিক ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন এবং ককবরক ভাষাকে রোমান লিপিতে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিও তুলে ধরা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং গোয়েন্দা বিভাগের আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী-সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে জানানো হয় যে, আগামী দিনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দাবিগুলি নিয়ে শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হবে।

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এর পর ধীরে ধীরে জাতীয় সড়ক ও রেল চলাচল স্বাভাবিক হয়ে আসে।

প্রশাসনের দাবি, দুপুরের পর থেকেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version