আগরতলা, রবিবার: রামনগর ৪ নম্বর রোডে গ্যাস বিস্ফোরণে মৃত শুভ্রজিত চৌধুরীর বাড়িতে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শনে যায়। প্রতিনিধি দলের সদস্যরা মৃতের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানান। পাশাপাশি তারা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটটিও ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিষ কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে যে তথ্য সামনে এসেছে, তাতে TNGCL-এর গ্যাস সংযোগ থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
একইসঙ্গে মৃত শুভ্রজিত চৌধুরীর সদ্য বিধবা স্ত্রীর ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে তাঁকে একটি সরকারি চাকরি এবং পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।
আশিষ কুমার সাহা আরও বলেন, আগরতলা শহরে দ্রুতগতিতে গড়ে ওঠা বহুতল আবাসনগুলিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগের মতো ঝুঁকিপূর্ণ পরিষেবাগুলি নিরাপত্তা বিধি মেনে সঠিকভাবে স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কি না, তা সরকারকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
