নিউজ ডেস্ক || আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা ও সিপিএম পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ চালানো হচ্ছে। তাই ‘সাম্রাজ্যবাদী’ বিজেপি সরকারকে দেশ থেকে উৎখাত করতে হবে।
শুক্রবার সকালে আগরতলায় সিপিএমের ত্রিপুরা রাজ্য দপ্তরে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, “১৮৮৬ সালে আমেরিকার শিকাগোর হে মার্কেটে দৈনিক আট ঘণ্টার কাজের দাবিতে জমায়েত হওয়া শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হয়। কিন্তু বিজেপি সরকার শ্রমিক দিবসের ছুটি বাতিল করে শ্রমিকদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের অধিকার ক্রমাগত খর্ব করা হচ্ছে। শ্রম আইনগুলোকে কর্পোরেটদের স্বার্থে বদলে দেওয়া হচ্ছে। শ্রমজীবী মানুষের উপর এই ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে তিনি আহ্বান জানান।
জিতেন্দ্র চৌধুরী বলেন, “শ্রমিক শ্রেণির ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই দেশ থেকে এই সাম্রাজ্যবাদী সরকারকে হটাতে হবে।”
সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে ১ মে দিবসটি পালিত হচ্ছে।
