শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক!

1 Min Read

নিউজ ডেস্ক || দেশ গঠনে শ্রমিক ও কৃষকদের অপরিসীম অবদান সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের শাসনকালে তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছে CITU ত্রিপুরা রাজ্য কমিটি। মনরেগা প্রকল্প পূর্ণবহাল রাখা এবং চারটি শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে CITU-সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।

বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে CITU নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে বলেন, নতুন শ্রম আইন কর্পোরেটদের সুবিধা দিতে পরিকল্পিতভাবে শ্রমজীবী মানুষের স্বার্থ উপেক্ষা করেছে। কৃষক আন্দোলনের চাপে ২৯টি শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোড চালু করা হয়েছে, যা শ্রমিকস্বার্থবিরোধী। এগুলি কার্যকর হলে কর্মঘণ্টা ৮ থেকে ১২-এ বাড়ানো যাবে এবং দেশের প্রায় ৯০ শতাংশ শ্রমজীবী মানুষ (কৃষক, বেকার, অসংগঠিত শ্রমিক) এর আওতার বাইরে থাকবে।

CITU-র অভিমত, এই কোডগুলি শ্রমিকদের মৌলিক অধিকার আরও খর্ব করবে। সরকার শ্রমিকদের ধর্মঘটে যেতে বাধ্য করেছে, কারণ শ্রমিকস্বার্থ রক্ষার কোনও পথ খোলা রাখেনি। তাই ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প নেই।

শ্রমিক, কৃষক, সরকারি-বেসরকারি কর্মচারীসহ সর্বস্তরের মানুষকে ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রের শ্রমিক-বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো প্রতিবাদী বার্তা পৌঁছে দেওয়া যাবে বলে দাবি করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version