শ্রমিক সংহতি দিবসে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র চৌধুরী

1 Min Read

নিউজ ডেস্ক || আজ, ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে ত্রিপুরা সহ সারা ভারতে শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এই উপলক্ষে সিপিএমের রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলনেতা তথা পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও, সিআইটিইউ-এর রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মানিক দে এবং সভাপতি শংকর প্রসাদ দত্ত। একইভাবে, সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটিও মে দিবস উপলক্ষে কর্মসূচি পালন করে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহিদদের আত্মত্যাগের স্মরণে এই দিবস পালিত হয়। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার শ্রমিক দিবসের ছুটি বাতিল করে শ্রমজীবী মানুষের অধিকারের উপর আক্রমণ চালাচ্ছে। তিনি আরও বলেন, “দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে। সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করতে হবে।”

এই দিনে শ্রমিকদের অধিকার রক্ষা ও সংহতি জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে ত্রিপুরার বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলগুলি আন্দোলনের ডাক দিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version