সংগঠন মজবুত করে ২০২৮-এর লক্ষ্যপূরণে মাঠে নামার আহ্বান বিজেপি রাজ্য সভাপতির

2 Min Read

রানীর বাজারে বিজেপির সাংগঠনিক সম্মেলন, কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ

নিজস্ব প্রতিনিধি: সদর গ্রামীণ জেলার উদ্যোগে রানীর বাজারের গীতাঞ্জলি হলে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করা, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি অভিষেক দেবরায় জানান, সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি কর্মীদের ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল ও বুথ স্তরে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি যুবসমাজ ও মহিলাদের সক্রিয়ভাবে দলের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ২০২৮ সালের নির্বাচনে ৫০টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেন।

অন্যদিকে, মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের বক্তব্য এবং ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে কর্মীদের মধ্যে নতুন উদ্যমের সঞ্চার হয়েছে বলে মত প্রকাশ করেন অনেকেই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version